ঢাকায় বাস টার্মিনাল স্থানান্তরে গতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

রাজধানীর তীব্র যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে ঢাকার চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগে গতি এসেছে। এ লক্ষ্যে বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপোর জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন শুরু করেছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়। এর আগে গত ১৫ জুন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় ঢাকার চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবারের পরিদর্শনে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ছাড়া পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পরিদর্শনে উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলটি সম্ভাব্য বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপোর জন্য পূর্বাচল ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল-সংলগ্ন চুনকুটিয়া, জেলখানার বিপরীতে বাঘাইর-তেঘরিয়া আন্ডারপাস এলাকা, হাসনাবাদ (ইকুরিয়া)-কাঁচপুর এবং ফুলবাড়িয়া এলাকা পরিদর্শন করে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরিদর্শনের পর উপযুক্ত স্থান নির্বাচন করে ধাপে ধাপে বাস টার্মিনাল স্থানান্তরের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাজধানীর যানজট কমানো, আন্তঃজেলা বাস চলাচল আরও সুশৃঙ্খল করা এবং নগরবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।






