logo

নদী দখলকারীদের তালিকা করে আইনের আওতায় আনার দাবি এমপি খোকনের

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নদী দখলকারীদের তালিকা করে আইনের আওতায় আনার দাবি এমপি খোকনের
নদী পরিদর্শন কর্মসূচিতে এমপি আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি: এশিয়া পোস্ট

নদী দখল ও দূষণকারীদের চিহ্নিত করে তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান তালুকদার খোকন।

বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত নদী পরিদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

মোহাম্মদপুরের বসিলা ব্রিজের নিচ থেকে তুরাগ নদীর আরজিয়ায় অংশ পর্যন্ত নদীর দখল ও দূষণের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি খোকন।

তিনি বলেন, বাংলাদেশের প্রাণ হচ্ছে নদী। এটি অর্থনৈতিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে মানুষের জীবন-জীবিকার মূল চালিকাশক্তি। কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ নিজের স্বার্থে নদীকে গলা টিপে হত্যা করছে।

নদী ও পরিবেশের ক্ষতিসাধনকারীদের অপরাধীদের মতো থানায় বা উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত।

বর্তমান সরকারের পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে এমপি খোকন বলেন, প্রধানমন্ত্রী খাল খনন, নদী খনন ও বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী নানা কর্মসূচি হাতে নিয়েছেন। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে নদী-নালা ও খালের পানি ব্যবহার করে কৃষিকাজ পরিচালনার লক্ষ্যেও সরকার কাজ করছে।

পরিবেশ রক্ষায় আন্দোলনকারী ও গবেষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবেশ আন্দোলনকর্মীদের কথা ও পরামর্শ যেন সরাসরি রাষ্ট্রপ্রধান ও পরিবেশ মন্ত্রণালয়ে পৌঁছায়, সে জন্য একটি আলোচনার সুযোগ তৈরির চেষ্টা করবেন।

পরিবেশ রক্ষায় উপযুক্ত ব্যক্তিদের নিয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন এমপি আনিসুর রহমান তালুকদার খোকন।