নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতের নির্দেশ বিজিবি প্রধানের

নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা প্রতিহত করতে নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বুধবার (১১ ফেব্রুয়ারি) বিজিবির একাধিক নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনের সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা পর্যালোচনা করেন।
একইসঙ্গে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন আশরাফুজ্জামান সিদ্দিকী এবং পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য হবে না।
এ ছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য সর্বোচ্চসংখ্যক টহল পরিচালনা এবং চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।