logo

মোহাম্মদপুর থানার তিন পুলিশ সদস্য প্রত্যাহার 

মোহাম্মদপুর থানার তিন পুলিশ সদস্য প্রত্যাহার 

অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন উপসহকারী পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদপ্তরের উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। 

প্রত্যাহার  হওয়া কর্মকর্তারা হলেন—মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাধন মন্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং উপসহকারী পরিদর্শক (এএসআই) সোহেল রানা।

পুলিশ সূত্র জানায়, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজন হলে তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।