রপ্তানি বাড়াতে কৃষিপণ্যের বহুমুখীকরণ ও বাণিজ্যিক কূটনীতিতে জোর

পোশাক খাতের ওপর রপ্তানি নির্ভরতা কমিয়ে কৃষি প্রক্রিয়াজাত পণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় খাতের রপ্তানি বাড়াতে পণ্য বহুমুখীকরণ ও বাণিজ্যিক কূটনীতিতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের সম্ভাবনা থাকলেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সীমাবদ্ধতা, বাজার সম্প্রসারণের প্রতিবন্ধকতা এবং শিল্পসংশ্লিষ্ট নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি।
এসব সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং রপ্তানি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে রাজধানীতে সাংবাদিকদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) কনফারেন্স রুমে প্রাণ গ্রুপ এ কর্মশালার আয়োজন করে। ‘বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। ‘বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধে তিনি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান শক্তিশালী করতে বাণিজ্যিক কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে পণ্য ও বাজার- উভয় ক্ষেত্রেই বহুমুখীকরণ প্রয়োজন। দীর্ঘদিন ধরে পোশাকশিল্পের ওপর নির্ভরশীল রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে কৃষি প্রক্রিয়াজাত শিল্পসহ অন্যান্য সম্ভাবনাময় খাতের বিকাশে মনোযোগ দিতে হবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হাসান আরিফ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে রপ্তানি সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও বাজারের সুযোগ সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মশালা সাংবাদিকদের শিল্পসংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা ও অগ্রগতি তুলে ধরতে সহায়ক হবে।
কৃষি প্রক্রিয়াজাত শিল্পের রপ্তানি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি এ খাতের সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের প্রধান মো. তৌহিদুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার মো. কামরুজ্জামান।






