logo

যে আসনে ভোটার বেশি, যে আসনে কম

যে আসনে ভোটার বেশি, যে আসনে কম

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার গাজীপুরে এবং সবচেয়ে কম ঝালকাঠিতে।

এ ছাড়া নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এবার ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সবচেয়ে কম পিরোজপুর-১ আসনে। যদিও প্রার্থিতা বাতিল হওয়ার পর কেউ কেউ তা ফিরে পেতে উচ্চ আদালতে গেছেন। রায়ে প্রার্থিতা ফেরত পেলে প্রার্থী সংখ্যা আরও বাড়তে পারে।

সারা দেশের আসনভিত্তিক ভোটারের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, ৩০০ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ৮ লাখ চার হাজার ৩৩৩ জন ভোটার গাজীপুর-২ আসনে। এর মধ্যে পুরুষ ভোটার চার লাখ ৪০২ জন এবং নারী ভোটার ৪ লাখ তিন হাজার ৯১৮ জন। আর হিজড়া ভোটার ১৩ জন।

দ্বিতীয় সর্বোচ্চ ভোটার ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে। এই আসনে ভোটার সাত লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯০৬ জন, নারী ভোটার তিন লাখ ৬৭ হাজার এবং হিজড়া ভোটার রয়েছেন ১৩ জন।

এ ছাড়া গাজীপুর-১ আসনে তৃতীয় সর্বোচ্চ সাত লাখ ২০ হাজার ৯৩৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৬০ হাজার ২৩৪ জন, নারী ভোটার ৩ লাখ ৬০ হাজার ৬৯৩ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১২ জন।

এদিকে ঢাকা-গাজীপুর অঞ্চলে ভোটার সংখ্যা বেশি হলেও এর বিপরীতে দক্ষিণের জেলা ঝালকাঠি-১ আসনে ভোটার সংখ্যা কম। এ আসনে ভোটার রয়েছেন দুই লাখ ২৮ হাজার ৪৩১ জন। এরপরে অবস্থানে যথাক্রমে রয়েছে যশোর-৬, পিরোজপুর-৩, খুলনা-৩, চট্টগ্রাম-৩, ঢাকা-৮, মেহেরপুর-২, বাগেরহাট-৩, ব্রাহ্মণবাড়িয়া ১, লক্ষ্মীপুর-১ আসন। 

কোন আসনে প্রার্থী কম, কোনটিতে বেশি?

এবারের নির্বাচনে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল প্রার্থী দিয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, আড়াই হাজারের বেশি প্রার্থী প্রাথমিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে নির্বাচনে লড়বেন এক হাজার ৯৮১ জন প্রার্থী।

ইসির প্রকাশিত প্রার্থীদের তালিকা অনুযায়ী, আসন্ন নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী ঢাকা-১২ (তেজগাঁও- ফার্মগেট) আসনে। আর সবচেয়ে কম প্রার্থী পিরোজপুর-১ আসনে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, ঢাকা-১২ আসনেই দেশের সব আসনের মধ্যে বেশি প্রার্থী, সেখানে লড়ছেন ১৫ জন। আর সবচেয়ে কম পিরোজপুর-১ আসনে প্রার্থী রয়েছেন মাত্র দুইজন। তাদের একজন বিএনপির এবং একজন জামায়াতে ইসলামীর।