বইমেলায় আসছে রুমিন ফারহানার বই

অমর একুশে বইমেলায় আসছে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রুমিন ফারহানার বই ‘সংসদের দিনগুলি: একাদশ সংসদে সাড়ে তিন বছর’।
প্রথমা প্রকাশন এর প্রকাশিত বইটির দাম ৪০০ টাকা ধরা হয়েছে। বর্তমানে ২৫ শতাংশ ছাড়ে অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে শিগগিরই বইটি বইমেলায় পাওয়া যাবে। নির্দিষ্ট তারিখ জানা যায়নি।
বইটিতে বিরোধীদলীয় সদস্য হিসেবে রুমিন ফারহানার একাদশ জাতীয় সংসদ জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
বইয়ের বিবরণ থেকে জানা গেছে, ‘মধ্যরাতের নির্বাচন’ খ্যাত ২০১৮ সালে মাত্র সাতটি আসন পায় বিএনপি। এর বিপরীতে একটি সংরক্ষিত মহিলা আসন পায় দলটি। যেখানে মনোনয়ন দেওয়া হয় রুমিন ফারহানাকে। এ রকম একটি বৈরী পরিবেশে সংসদে গিয়ে শুরু থেকেই বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে।
কেমন ছিল রুমিন ফারহানার সংসদের সেই দিনগুলো? বক্তৃতার জন্য বরাদ্দ সংক্ষিপ্ত সময়টুকুকেও তিনি কীভাবে কাজে লাগিয়েছিলেন, গবেষণালব্ধ তথ্য-পরিসংখ্যান দিয়ে কীভাবে সরকারি দলের স্বৈরতন্ত্রী ও নিপীড়নমূলক শাসনব্যবস্থার স্বরূপ উদ্ঘাটন করেছিলেন, তাদের আসন্ন অনিবার্য পতনের ইঙ্গিত দিয়েছিলেন-এ সবকিছুর বর্ণনা রয়েছে বইটিতে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা ২০২৬। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।