বাহরাইনে নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাহরাইন প্রবাসী এসএম তারেক আলীর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তার মরদেহবাহী বিমান ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। নিহত তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।
বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী তার মরদেহ গ্রহণ করার কথা রয়েছে। দীর্ঘ আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে অবশেষে তারেক আলীর মরদেহ দেশে আনা হলো। এক মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে পরিবার। এতে কিছুটা স্বস্তি ফিরলেও শোক এখনও কাটেনি।
নিহত তারেক আলীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। দেশটির একটি শিপইয়ার্ড কোম্পানি ‘দ্রাইডকে’-তে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের পিতা। তার মেয়ের নাম তাসনিম তামান্না।
এর আগে, গতকাল বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় তার জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে কানু মসজিদে জানাজা হয়। এতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। আরও ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। পরিবারের তথ্য অনুযায়ী, গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে নিহতের পরিবারের সদস্যরা শুক্রবার সকাল ৯টায় ঢাকার উদ্দেশে রওনা হন। মরদেহ দেশে পৌঁছানোর পর শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর বৌবাজার এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।