নির্বাচনের ছুটিতে চলবে মেট্রোরেল

ভোটারদের চলাচল নির্বিঘ্ন করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিনের ছুটি থাকছে নির্বাচনের আগে ও পরে। এ সময় সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
তবে ভোটের সময় ঢাকায় মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সাধারণ ছুটির দিনগুলোয় ঢাকার যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং ভোট প্রয়োগ সহজ করতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। এ ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।
তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া বাকি সব গেট খোলা থাকবে।
নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।
এর আগে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছিলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বলা হয়েছিলে, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধ শিথিল করা হবে।
সূত্র : বিবিসি বাংলা