logo

মহান স্বাধীনতা দিবস আজ

মহান স্বাধীনতা দিবস আজ

আজ মহান স্বাধীনতা দিবস, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৫তম বার্ষিকী। ১৯৭১-এর এদিন থেকে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল মহান বিজয়। বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নেয় বাংলাদেশ নামক ভূখণ্ডটি। বাঙালি জাতির ইতিহাসে বড় অর্জন এ স্বাধীনতা। 

আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা আয়োজনে উদযাপিত হবে দিনটি। মহান স্বাধীনতা দিবসের প্রভাতে যখন লাল-সবুজ পতাকা হাওয়ায় দোল খাবে, তখন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ার হয়ে উঠবে এক আবেগময় ইতিহাসের মঞ্চ—যেখানে প্রতিটি পদচারণা বলবে স্বাধীনতা, ত্যাগ আর দেশের প্রতি ভালোবাসার গল্প।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৫ মাচ) দেয়া এক বাণীতে তিনি শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রেখে একটি সুখী-সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, স্বাধীনতা জাতি হিসেবে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। আজকের এই দিনে আমি সশ্রদ্ধচিত্তে ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সব বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন, মুক্তিযুদ্ধের জাতীয় নেতারা, সংগঠক ও সর্বস্তরের জনগণকে; যারা স্বাধীনতা যুদ্ধে অসামান্য ও তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন।

বাণীর শেষ অংশে রাষ্ট্রপতি দল-মত-পথ নির্বিশেষে দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইনসাফভিত্তিক ও কর্মমুখর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। একইসঙ্গে তিনি স্বাধীনতা দিবসে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

এদিকে দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সে লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এ দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবাইকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আমন্ত্রিত অতিথিদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করার পর তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

দিনটি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন। এছাড়াও কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সংগঠনের সর্ব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি।

সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। এবারের কুচকাওয়াজে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ বিমানবাহিনীর রোমাঞ্চকর ‘অ্যারোবেটিক শো’। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠেয় এ আয়োজনে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পাশাপাশি পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।