বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিনের: রাষ্ট্রদূত

বিএনপির সঙ্গে চীনের ঐতিহ্যগত সম্পর্ক দীর্ঘদিনের বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়ে এই সম্পর্ক সুদৃঢ় ছিল।
বুধবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে এক সাক্ষাতে এ কথা জানান রাষ্ট্রদূত। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতা এবং বহুমাত্রিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চীন বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনা করছে বলে জানান ইয়াও ওয়েন। তিনি বলেন, হাই-টেক ইন্ডাস্ট্রি, সোলার পাওয়ার, আইসিটি, ই-ভেহিকলস, ম্যানুফেকচারিং, কৃষি-বীজ ও সার খাতে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।
এ ছাড়া বাংলাদেশে একটি ‘চাইনিজ ইপিজেড’ স্থাপনের সম্ভাবনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে শিক্ষা খাতের মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা, এবং তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। শ্রমবাজারে এক্সচেঞ্জ প্রোগ্রাম, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষায় প্রশিক্ষণ এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নেও চীন কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের উদ্যোগকে স্বাগত জানান চীনা রাষ্ট্রদূত।