logo

অক্টোবরে ডিএমপির আদালতে ১১ হাজার মামলা নিষ্পত্তি

অক্টোবরে ডিএমপির আদালতে ১১ হাজার মামলা নিষ্পত্তি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গেল অক্টোবর মাসে ১১ হাজার ৭৫৩টি ফৌজদারি ও ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে ফৌজদারি মামলায় ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অক্টোবর মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া এসব মামলায় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সময়ে নিলাম ও বাজেয়াপ্তের মাধ্যমে ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে অক্টোবর মাসে ১ হাজার ২৯৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়। এ সময়ে ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তির পাশাপাশি ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএমপির আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক জানান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বাড়ছে। পাশাপাশি অপরাধীদের মধ্যে শাস্তির ভীতি তৈরি হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখছে।