logo

উগ্রবাদী হামলার আশঙ্কা, আইনশৃঙ্খলার সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ

উগ্রবাদী হামলার আশঙ্কা, আইনশৃঙ্খলার সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য উগ্রবাদী হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর। জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন কৌশলগত স্থাপনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

একাধিক প্রশ্নের জবাব তিনি জানান, সম্ভাব্য হামলার বিষয়ে তথ্য পাওয়ার পর সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে। তবে দেশে সক্রিয় জঙ্গি বা উগ্রবাদী গোষ্ঠীর অস্তিত্ব আছে কি না—এ বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, আমরা তথ্য পেয়েছি এবং তা নিয়ে কাজ করছি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হব।

বার্তায় বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মুনশী শাহাবুদ্দীন বলেন, নিরাপত্তা পরিকল্পনা আমাদের অভ্যন্তরীণ বিষয়। নির্দিষ্ট তথ্য অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আমরা কাজ করছি। এই মুহূর্তে মন্তব্য করার সময় আসেনি।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে জঙ্গি তৎপরতা নেই বলে তৎকালীন ডিএমপি কমিশনারের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সিটিটিসি কর্মকর্তা একই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কাউকে পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনীয় আতঙ্ক এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তা জোরদারের পাশাপাশি নজরদারি বৃদ্ধি করতে পুলিশ সদর দপ্তর যে নির্দেশনা দিয়েছে, সে বিষয়ে জানতে চাইলে মুনশী শাহাবুদ্দীন বলেন, এটা তো আমাদের সিকিউরিটি প্ল্যানিং, এটা আমার মনে হয় আপনাদের কাছে বলার বিষয় না। আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী, যে স্থানগুলোর তথ্য এসেছে, আমরা এ বিষয়ে কাজ করব।

যারা হামলার পরিকল্পনা করছে, তাদের শনাক্ত করা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমরা কাজ করছি সুতরাং আমার মনে হয় এখন মন্তব্য করার সময় আসেনি।

সশস্ত্র বাহিনীর কতজন সদস্য গ্রেপ্তার আছে জনতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে এখন স্পেসিফিক তথ্য নাই। ওটা আপনারা যা দেখেছেন, আমরা তাই দেখেছি।