গ্রাহকদের তথ্য ফাঁসের প্রকৃত ঘটনা জানাল স্বপ্ন

গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে দেশের শীর্ষ রিটেইল চেইন ‘স্বপ্ন’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে প্রকৃত ঘটনা ও তাদের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেছে।
শনিবার (২৮ মার্চ) ‘স্বপ্ন’র ভেরিফায়েড ফেসবুক পেজে এসিআই লজিস্টিকস লিমিটেডের পক্ষে দেওয়া এক পোস্টে বলা হয়, ২০২৫ সালের ২০ আগস্ট আন্তর্জাতিকভাবে পরিচিত একটি র্যানসমওয়্যার গ্রুপ ‘স্বপ্ন’-এর কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে। তবে এই অবৈধ দাবির কাছে কোনোভাবেই নতি স্বীকার করেনি প্রতিষ্ঠানটি। তাদের ভাষ্য, অপরাধীদের সঙ্গে আর্থিক সমঝোতা করা তাদের নীতি ও নৈতিকতার পরিপন্থি।
ঘটনার পরপরই বিষয়টি এসিআই লিমিটেডের এমআইএস বিভাগকে জানানো হয় এবং তাদের তত্ত্বাবধানে একটি পূর্ণাঙ্গ অডিট পরিচালনা করা হয়। এতে সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদারে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে বিশ্বমানের নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল স্থাপন, সার্ভার সুরক্ষায় উন্নত এন্টারপ্রাইজ-গ্রেড সিকিউরিটি সলিউশন ব্যবহার এবং সারা দেশের আউটলেট ও অফিসে আধুনিক এন্ডপয়েন্ট প্রোটেকশন ও অ্যান্টিভাইরাস ব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি ২৪ ঘণ্টা নেটওয়ার্ক মনিটরিংয়ের জন্য দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘স্বপ্ন’-এর আউটলেটগুলো একটি সুরক্ষিত অফলাইন ও ইন্টারনেট ব্যবস্থায় পরিচালিত হওয়ায় সাইবার হামলার সময়ও গ্রাহকসেবা বিঘ্নিত হয়নি এবং কার্যক্রম সচল ছিল।
ঘটনার পর আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, গ্রাহকদের সংবেদনশীল ব্যক্তিগত ও আর্থিক তথ্য নিরাপদ রয়েছে। একই সঙ্গে সম্ভাব্য প্রতারণা এড়াতে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে— অপরিচিত কল বা বার্তায় ব্যক্তিগত তথ্য না দেওয়া, সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং ওটিপি বা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
‘স্বপ্ন’ বলছে, গ্রাহকদের আস্থা ধরে রাখতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
এর আগে, ‘স্বপ্ন’-এর একটি বিশাল ডাটাবেজ হ্যাক হয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠে। ইতোমধ্যে এ তথ্যের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে।
লিক হওয়া ডাটাবেজে লাখো ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য রয়েছে। যদিও এখন পর্যন্ত ঠিক কতজন ব্যবহারকারী এ ঘটনার শিকার হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে তথ্যের পরিমাণ ও ধরন বিবেচনায় ধারণা করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ডাটা ব্রিচ হতে পারে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা গেছে, ঢাকা, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা, খুলনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কিশোরগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, ফেনী, জামালপুর, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। যেখানে ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর, কোন তারিখে কী পণ্য কেনাকাটা করেছে সেটি দেখা যাচ্ছে।
বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্ন’র। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি।