একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত প্রকল্প রয়েছে ১টি।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।
অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২টি। এর মধ্যে রয়েছে ৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন) প্রকল্প এবং যশোর, কক্সবাজার, পাবনা, নোয়াখালীতে এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড মেডিকেল কলেজ হাসপাতাল অ্যান্ড আনুষঙ্গিক ভবন নির্মাণসহ জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন) প্রকল্প।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের চতুর্থ বার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত ২য় সংশোধন)।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত) (প্রস্তাবিত ৪র্থ সংশোধন) প্রকল্পও অনুমোদন পেয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প পাস হয়েছে, যার একটি আরইবির আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন প্রকল্প এবং অন্যটি আরইবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নং-৬৪/২এ এবং ৬৪/২বি এর পুনর্বাসন প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত সাতটি প্রকল্প সম্পর্ককে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো- চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা বা জলাবদ্ধতা নিরসর ও নিষ্কাশন উন্নয়ন (২য় সংশোধনী) প্রকল্প, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ), কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি) শক্তিশালীকরণ এবং টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ভান্ডারিয়া, পিরোজপুর স্থাপন প্রকল্প।
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।


