প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিবাদপূর্ণ বাড়িতে সাবেক যুবদল নেতার ‘বিএনপি অফিস’- এমন শিরোনামে ২০ জুন এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
তিনি অভিযোগ করেছেন, প্রতিবেদনে পরিবেশিত তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। জিল্লুর রহমানের দাবি, সামাজিক, আর্থিক ও রাজনৈতিকভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, প্রতিবেদনে উল্লিখিত ভবনটি তিনি উপযুক্ত মূল্য পরিশোধ করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমিসহ ক্রয় করেছেন। কেনার আগে ভবনের স্বত্বের কাগজপত্র উপযুক্ত অফিসে অনুসন্ধান ও ভ্যাটিংয়ের মাধ্যমে কাগজপত্রের সঠিকতা ও মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়েছেন বলেও জানান অ্যাডভোকেট জিল্লুর।
এ ছাড়া ভবনের দখল বুঝে নিতে মালিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি প্রতিবাদলিপিতে বলেছেন, আমি কিংবা আমার পক্ষে অন্য কেউ নালিশি সম্পত্তি জোরপূর্বক দখল কিংবা কাউকে শারীরিক নির্যাতন ও হুমকি প্রদান করিনি।






