logo

এমন পদক্ষেপ নেব, যাতে মশার প্রজনন বৃদ্ধি না পায়: স্বাস্থ্যমন্ত্রী

এমন পদক্ষেপ নেব, যাতে মশার প্রজনন বৃদ্ধি না পায়: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

মশা নিয়ন্ত্রণে দেশজুড়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা এমন পদক্ষেপ নেব, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার প্রজনন নিয়ন্ত্রণে জলে ও স্থলে স্প্রে করা হবে। আমরা একটি ট্যাবলেট ব্যবহার করবো, যাতে লার্ভা মরে যায়। আমরা প্রচুর পরিমাণে সেই ট্যাবলেট কালেক্ট করে ড্রেনে, ডোবায় ও জমা পানিতে দেব। যেসব বাড়ির ছাদে টব আছে, সেগুলো পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের অনেক পরিত্যক্ত ওয়াশরুম আছে, সেখানে কমোড আছে। ওই কমোডগুলোতে পানি জমে থাকে। এই পরিত্যক্ত ওয়াশরুমগুলো খুঁজে স্প্রে করতে হবে এবং ট্যাবলেট ছাড়তে হবে বা পানিতে স্প্রে করতে হবে।

সাখাওয়াত হোসেন বলেন, আমরা এরইমধ্যে এক লাখ ফ্লুইড ডোনেশন পেয়েছি। হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড স্টক রাখতে হবে। আগামী তিন দিনের মধ্যে কোন হাসপাতালে কতটা বেড, কী ফ্লুইড স্টক আছে—হিসাব দিতে হবে।

তিনি বলেন, আমার কথাকে হুকুম ভাববেন না। আমরা ডিস্ট্রেসড মানুষের সহযোগিতার জন্য আপনাদের সহযোগিতা চাইছি। সেই সহযোগিতার আহ্বানটা অনেকটা নির্দেশের পর্যায়ে পড়ে, কিন্তু ডোন্ট ট্রিট ইট অ্যাজ ইনস্ট্রাকশন—ইট ইজ অ্যা রিকুয়েস্ট, হাম্বল রিকুয়েস্ট টু ইউ।

আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা যে দায়িত্বটা পালন করছি, এটা শুধু সরকারের না। আমরা যদি (সরকার) ব্যর্থ হই, আপনারাও ব্যর্থ, দেশ ব্যর্থ। কাজেই এটা আমাদের সবার দায়িত্ব।