
শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে আজ পোশাক কারখানাগুলোতে উৎপাদন ও স্বাভাবিক কাজকর্ম চললেও সাধারণ শ্রমিক ও স্থানীয়দের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। দুপুরের মধ্যাহ্ন বিরতির সময় কারখানা এলাকাগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে পোশাক শ্রমিকরা বের হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নারায়নগঞ্জের শিবু মার্কেট থেকে ফতুল্লা পর্যন্ত বিভিন্ন গার্মেন্টস কারখানা এলাকা ঘুরে দেখেছে এশিয়া পোস্টের প্রতিবেদক। এ সময় পুরো এলাকায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কারখানাগুলোতে ঢুকতে এবং কার্যক্রম করতে দেখা গেছে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (দুপুর ১:৩০ মিনিট) শিল্প কারখানা এলাকাগুলোতে কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি। তবে এর আগে মধ্যাহ্ন বিরতির সময় কড়া নিরাপত্তায় শ্রমিকদের কারখানা থেকে বের হতে দেখা গেছে।
সকাল থেকেই প্রধান সড়কের শিবু মার্কেট এলাকা, বড় কারখানার ফটকগুলো এবং লিংক রোড এলাকায় পুলিশ, শিল্প পুলিশ এবং এসআরবি এবং বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে ছিল। খাবার খেয়ে দ্রুতই তাদের আবার কারখানায় ফিরে যেতে দেখা গেছে।
আপাতদৃষ্টিতে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও শ্রমিক এবং সাধারণ মানুষের চোখে-মুখে বিগত কয়েকদিনের উত্তেজনার রেশ ও উৎকণ্ঠা স্পষ্ট ছিল। স্থানীয় লোকজন ও শ্রমিকরা জানান, তাদেরকে সরকার আশ্বাস দিয়েছে বেতন বাড়ানো হবে, তাই তারা কর্মস্থলে ফেরত গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের হয়রানির ভিডিও দেখে, তাদের আতঙ্ক রয়ে গেছে।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আজ কোথাও কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তবে আইনশৃঙ্খলাবাহিনী যেকোনো অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।
গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। বেশ কিছু এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। কয়েকটি কারখানায় ভাঙচুর ও ছুটি ঘোষণার কারণে পুরো শিল্পাঞ্চলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল।

