logo
Advertisement

হেলমেট ছাড়াই চেকপোস্টে ছাত্রদল নেতা, ভিডিও করায় সাংবাদিককে হুমকি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
হেলমেট ছাড়াই চেকপোস্টে ছাত্রদল নেতা, ভিডিও করায় সাংবাদিককে হুমকি
ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ইমরান খান (সাদা শার্ট পরিহিত)। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর বিমানবন্দর থানাধীন জসিমউদ্দিন মোড়ে চেকপোস্টে পুলিশের তল্লাশি চলাকালীন পেশাগত দায়িত্বপালনকালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি ইমরান খানের বিরুদ্ধে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে বিমানবন্দর থানাধীন জসিমউদ্দিন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রদল নেতার হুমকির শিকার সাংবাদিক নুরুল আমিন হাসান এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

হুমকির বিষয়ে তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে পরিবহনে আগুন এবং একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্যান্য স্থানের মতো বিমানবন্দরের জসিমউদ্দিন এলাকায় পুলিশের চেকপোস্ট চলছিল। ওই সময় পেশাগত দায়িত্ব পালনকালে ওই চেকপোস্টে পুলিশি তল্লাশির ভিডিও করছিলাম। একপর্যায়ে একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুজন ওই পথ দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। সেই দৃশ্য ভিডিও করার সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি ইমরান খান পরিচয়ধারী এক ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর করার উদ্দেশে তেড়ে আসেন এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালান।

সাংবাদিক হাসান বলেন,‘ওই সময় ইমরান হুমকি দিয়ে বলেন, আপনি ভিডিও করছেন কেন? আপনার সাংবাদিকতা আপনার কাছে রাখেন। আপনি তো স্বৈরাচারের দোসর।’

এ সময় ইমরান আরও বলেন, ‘আমি একজন ছাত্রনেতা, ভিডিও করতে হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করা লাগবে। আমি প্রোগ্রাম শেষ করে আসছি, উত্তরের ছাত্রদলের সভাপতিকে বিদায় দিয়ে আসছি।’

এ ছাড়া ওই সময় ইমরান খান বিভিন্ন কথা বলে হুমকি দেন এবং বাজে ব্যবহার করেন এবং পুলিশের উপস্থিতিতেই সেখান থেকে চলে যান বলে জানান সাংবাদিক হাসান।

এদিকে ঘটনার মুহূর্তে সেখানে উপস্থিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। হুমকির বিষয়টি সঙ্গে সঙ্গেই তাকে জানান ভুক্তভোগী সাংবাদিক।

তখন ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ‘এখন কেউ আমাদেরকে মারধর করলেও আমরা কিছু বলব না। তারপরও বলব চলে যায়, যাক।’

এ বিষয়ে জানতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি ইমরান খানের সঙ্গে যোগাযোগ করা হলে এশিয়া পোস্টকে তিনি বলেন, রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ নাশকতা করতে পারে এমন খবরে কর্মসূচি ডাকা হলে দ্রুত সেটাতে অংশগ্রহণ করতে তাড়াহুড়ো করে বের হওয়াতে হেলমেট নেওয়া হয়নি। পুলিশ চেকপোস্ট বসালে আমরা পুলিশ সদস্যদের অনুরোধ করি, আইনগত যে ব্যবস্থা নেওয়ার তা যেনো নেয়। এ সময় ওই সাংবাদিক আমাদের ভিডিও করতে শুরু করেন।

তিনি বলেন, আমি অনুরোধ জানাই যেনো আমাদের ভিডিও না নেন। এরপরও উনি ভিডিও করতে থাকেন। পরে আমাদের আলাপের পুরো ভিডিও না ছেড়ে উনি আংশিক ভিডিও ছেড়েছেন।