বাংলাদেশে কবে ঈদ, জানা যাবে সন্ধ্যায়

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপন হবে তা আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জানা যাবে।
এদিন সন্ধ্যা ৬টায় ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপন হবে শনিবার।
দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরে (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত।
সৌদি আরব
সৌদি আরব জানিয়েছে, আজ বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপন হবে আগামী ২০ মার্চ শুক্রবার। সৌদির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশটিতে রমজান মাস হবে ৩০ দিনের।
তুরস্ক
তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মার্চ দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে শুক্রবার হবে শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদ।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায়ও ২০ মার্চ ঈদ উদযাপন করবেন মুসলমানরা। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল এ তথ্য জানিয়েছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ও বিশ্বজুড়ে চাঁদ দেখার দায়িত্বে থাকা জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার এবং বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর নির্দেশনা অনুসরণ করে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে।
সিঙ্গাপুর
সিঙ্গাপুর জানিয়েছে, দেশটিতে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। তাদের বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার ঈদ উদযাপন হবে।
কাতার
কাতার জানিয়েছে, আজ বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপন হবে আগামী ২০ মার্চ।
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটি নিশ্চিত করেছে যে ৩০ দিনের রমজান মাস শেষ হয়েছে। আজ (১৮ মার্চ) শাওয়ালের চাঁদ দেখতে না পাওয়ায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।
বাহরাইন
বাহরাইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।
কুয়েত
কুয়েত জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা এ ঘোষণা দেয়।