logo

কাউকে পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না: ডিএসসিসি প্রশাসক

কাউকে পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না: ডিএসসিসি প্রশাসক
বক্তব্য রাখছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: এশিয়া পোস্ট

কাউকে পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। সমাজে যারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা কোনো নির্দিষ্ট ধর্মের নয়। তারা মানবতার শত্রু, মানুষের শত্রু। এসব অপশক্তিকে নির্মূল করেই সামনে এগিয়ে যেতে হবে।’

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সনাতন ধর্মালম্বীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, ‘পূজায় আপনারা যেমন অসুরকে ধ্বংস করতে চান, আমরাও চাই সমাজের সব অসুরের বিনাশ হোক।’

তিনি বলেন, ‘ঢাকেশ্বরী মন্দিরকে ভেতরে-বাইরে সুন্দর ও আকর্ষণীয় করে সাজানোর পাশাপাশি আদি ঢাকা ও পুরান ঢাকার সার্বিক সৌন্দর্যবর্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিটি করপোরেশন।’

পূজার আয়োজন ও নিরাপত্তার বিষয়ে মো. আবদুস সালাম বলেন, ‘নেতাকর্মীরা নির্দেশনা অনুযায়ী পূজার দিনগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন। ইতোমধ্যে প্রতিটি মন্দিরের আশপাশের রাস্তা সংস্কার, প্রয়োজনীয় আলোকসজ্জা এবং ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। এর উদ্দেশ্য, সবাই যেন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন।’

দীর্ঘ ছুটি ও ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এবার পূজায় দীর্ঘ ছুটির সুযোগে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও নিজ নিজ বাড়িতে যেতে পারছেন। সমাজের প্রতিটি মানুষের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা, ঢাকেশ্বরী জাতীয় মন্দির ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।