‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি’

দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও মানুষের দোরগোড়ায় পৌঁছাতে শুধু চিকিৎসক নয়, গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি বলে মন্তব্য করেছেন চিকিৎসক নেতারা।
তারা বলেন, বর্তমান সরকার যে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চাচ্ছে, সেখানে শুধু চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মী নয়, বড় ভূমিকা থাকতে হবে সংবাদমাধ্যমের। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
সোমবার (২ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের দ্য রেইনি রুফ রেস্টুরেন্টে বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে চিকিৎসক নেতারা এসব কথা বলেন।
বিএইচআরএফ’র সভাপতি প্রতীক ইজাজে সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন ও ঔষধ শিল্প সমিতির কোষাধ্যক্ষ হালিমুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক, ডা. আয়েশা আক্তার, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ডেভলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার তারিফুল ইসলাম, ইনসাফ বারাকাহ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএইচআরএফ’র অর্থ সম্পাদক আজাদুল ইসলাম আদনান।
অনুষ্ঠানে ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ বলেন, আগামী দিনে স্বাস্থ্যসেবা খাতকে সমস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছানোর যে চ্যালেঞ্জ, সেটি উত্তোরণে শুধু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিয়ে হবেনা, গণমাধ্যমেরও ভূমিকা অনেক বেশি থাকতে হবে। আগামীর সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিতে পারলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
এনডিএফ সেক্রেটারি অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, রমজান মাস মূলত তাকওয়া (খোদাভিতি) অর্জনের মাস। সাংবাদিকদের জন্য তাকওয়া হলো সাদাকে সাদা, আর কালোকে কাল বলা। এতটুকু হলেই আমাদের দেশটা সুন্দরভাবে এগোবে। পাশাপাশি দেশপ্রেমের এই জায়গা থেকে আমরা যেন সবাই সত্য মিষ্ট হয়, এটাই হোক আমাদের চাওয়া।
স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, স্বাস্থ্যখাত মানেই শুধু চিকিৎসক নয়, গণমাধ্যমকর্মী এখানে অনেক গুরুত্বপূর্ণ। তারা ভালটা যেমন সামনে আনে, মন্দটাও তুলে ধরে।