logo

সেই দীপু দাসের পরিবারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে সরকার

সেই দীপু দাসের পরিবারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে সরকার

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যার শিকার কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারকে ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ এবং তার বাবা ও স্ত্রীকে ১০ লাখ করে দেওয়া হবে। তার সন্তানের জন্য করা হবে ৫ লাখ টাকার একটি এফডিআর।

শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান। 

এ সহায়তা ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ইউএনওর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। 

দীপু চন্দ্র দাসের পরিবারকে সহায়তার যে প্রচেষ্টা সরকার করেছে, তা একটি জীবনের তুলনায় কিছুই নয় জানিয়ে ড. সি. আর. আবরার বলেন, এটি একটি নৃশংস অপরাধ। এর কোনো অজুহাত নেই। সমাজে এর জায়গা নেই। রাষ্ট্র নিশ্চয়ই সুবিচার নিশ্চিত করবে। 

শিক্ষা উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িকতার উন্মাদনায় দীপু দাসকে হত্যা করা হয়েছে। এ হত্যা পুরো জাতির জন্য লজ্জাজনক। এ লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে পারে ন্যায়বিচার। 

দীপু চন্দ্র দাস হত্যার সঙ্গে সরাসরি জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, তদন্ত চলমান রয়েছে। দায়ীদের সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ভালুকায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে সনাতন ধর্মাবলম্বী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।