logo

খালেদা জিয়াকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে শামা ওবায়েদ

খালেদা জিয়াকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে শামা ওবায়েদ

সাংবাদিক ও লেখক সাবরিনা শুভ্রা রচিত বই ‘মহাজীবনের উপাখ্যান’–এর প্রকাশনা অনুষ্ঠান বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় দশমিক প্রকাশনী এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন ও দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা শায়রুল কবির খান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এতে সভাপতিত্ব করেন দশমিক প্রকাশনীর প্রকাশক দিপান্ত রায়হান।
বইটির লেখক সাবরিনা শুভ্রা বলেন, দীর্ঘদিনের শ্রম, ভালোবাসা ও বিশ্বাসের ফসল হিসেবে আমার লেখা ‘মহাজীবনের উপাখ্যান’ বইটি অবশেষে পাঠকের হাতে পৌঁছাবে।

তিনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন, আপসহীন রাজনৈতিক পথচলা, কারাবরণ এবং নানা প্রতিকূলতার মধ্যেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এক সাহসী নেত্রীর ইতিহাস তাকে বইটি লিখতে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, হৃদয়ের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই বইটি রচিত হয়েছে এবং পাঠকদের কাছে এটি ভালো লাগবে বলে তিনি আশাবাদী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, খালেদা জিয়া সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছিলেন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।