Advertisement

মিস্টি বানাতে ক্ষতিকারক রঙের ব্যবহার, ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

এশিয়া পোস্ট প্রতিবেদক
মিস্টি বানাতে ক্ষতিকারক রঙের ব্যবহার, ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
নবাবগঞ্জের মিস্টির দোকানে ভোক্তার অভিযান। ছবি: এশিয়া পোস্ট

মিষ্টি তৈরিতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক ও শিল্পে ব্যবহৃত রঙ মেশানোর অপরাধে ঢাকার নবাবগঞ্জে দুটি মিষ্টান্ন ভান্ডারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগমারা বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে ‘দীপক মিষ্টান্ন ভান্ডার’ ও ‘হরাধন ঘোষ মিষ্টান্ন ভান্ডার’কে এই আর্থিক দণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহিনুর রহমান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

অভিযান পরিচালনাকালে কর্মকর্তারা দেখতে পান, প্রতিষ্ঠান দুটিতে মিষ্টি ও জিলাপি আকর্ষণীয় করতে বিপজ্জনক রাসায়নিক ‘হাইড্রোজ’ (টেক্সটাইল কেমিক্যাল) এবং শিল্পে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার করা হচ্ছে।

শুধু তা-ই নয়, বিএসটিআই-এর কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে দই ও ঘি তৈরি করছিল প্রতিষ্ঠান দুটি। এর মধ্যে ‘দীপক মিষ্টান্ন ভান্ডারে’ চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুতের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ‘দীপক মিষ্টান্ন ভান্ডার’কে ২ লাখ টাকা এবং ‘হরাধন ঘোষ মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানা আদায়পূর্বক সতর্ক করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবেই আমাদের এই অভিযান। খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক বা রঙ ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’