সৌদিতে অনৈতিক কর্মকাণ্ডে মৃত্যুদণ্ড: ২ মরদেহ আনার প্রক্রিয়া চলছে

সৌদি আরবের একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা দুই নারী-পুরুষের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। এমনটিই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের লাগেজ পরিবহণের সুবিধার্থে ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘মরদেহ আনার প্রসেসিং চলছে। যেহেতু সেখান (সৌদি) থেকে কোনো ফ্লাইট আসছে না। আমরা অন্য এয়ারলাইন্সের মাধ্যমে তাদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুইজনই সৌদি আরবে শ্রমিক হিসেব কাজ করতেন।’
এর আগে গত ১৪ অক্টোবর মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মক্কায় শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা হলেন, নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিতি আখতার।

