জামিনপ্রাপ্ত জঙ্গিদের জামিন বাতিলের চেষ্টা করবে সরকার: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জঙ্গিবাদের মামলায় যেসব আসামি জেল থেকে বের হয়েছেন, তাদের জামিন বাতিলের চেষ্টা করবে সরকার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে এখনও জঙ্গি আছে। মামলায় জঙ্গিদের জামিন হওয়াতে খানিকটা ঝুঁকি তৈরি করেছে। তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি যে, জনগণকে ভয় পেতে হবে।
তিনি বলেন, জঙ্গিবাদের অভিযোগে যেসব অপরাধী জামিন নিয়ে জেল থেকে বের হয়েছেন, তাদের জামিন বাতিলে সরকার চেষ্টা করবে। তবে জামিন বাতিলের এখতিয়ার আদালতের।
অপরদিকে আওয়ামী লীগের সময়ে জঙ্গি নিয়ে যে অধিক প্রচার করা হয়েছে, সেটি সত্য নয় বলে জানিয়েছেন তিনি। তবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল, দেশে কোনো জঙ্গি নেই, সেটিও সত্য নয়।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশে শরিয়াহভিত্তিক রাষ্ট্র কায়েম করা হবে, কারও কারও চিন্তায় ছিল এটি।
জাহেদ উর রহমান বলেন, জঙ্গিবাদ শূন্যের কোঠায় নিয়ে আসা সরকারের লক্ষ্য। তবে কতটা সম্ভব হবে তা দেখার বিষয়।
গণমাধ্যম বিষয়ে তিনি বলেন, গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার; এ সরকার কোনোভাবে সহ্য করবে না। সরকারের আরও বেশি বেশি যৌক্তিক সমালোচনা করুক গণমাধ্যম। কিন্তু কোনোভাবেই ভুল বা অপতথ্য প্রচার নয়।
দেশে বর্তমানে কী পরিমাণ ডিজেলের মজুত আছে এ সম্পর্কে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, দেশে ১ লাখ ৭০ হাজার টন ডিজেল মজুত রয়েছে। আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আসবে ৩০ এপ্রিলের মধ্যে। জ্বালানি তেলের কোনো সংকট নেই। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন নেই। এ সংকট শিগগিরই দূর হবে।