দুই দেশ ঘুরে ঢাকার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত ৮টায় বা তার পর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি ও তার সফরসঙ্গীরা।
চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে তারেক রহমান ও তার সফর সঙ্গীরা তাসিং বিমানবন্দরে পৌঁছান স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।
এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
তবে প্রধানমন্ত্রীর সফর এবং দেশে ফেরা নিয়ে কোনো শোডাউন বা র্যালি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
এ ছাড়াও তিনটি হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ও চীনের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে। আর একটা হয়েছে এমওইউ হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে ৩ চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।





