logo

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী রাশিয়া
ছবি: সংগৃহীত

শিল্প, বাণিজ্য শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াসহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ব্যাপক আগ্রহী রাশিয়া। এরই অংশ হিসেবে দেশটির একটি প্রতিনিধিদল আগামী জুন মাসে ঢাকা সফরের কথা জানিয়েছে।

এশিয়া পোস্টকে টেলিফোনে এসব তথ্য জানিয়েছেন রাশিয়া সরকারের আমন্ত্রণে দেশটি সফররত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

শুক্রবার (১৫ মে) রাশিয়ার মস্কোতে ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ডুমা’র দুজন সিনিয়র সদস্যের সঙ্গে বৈঠক করেন তিনি। তারা হলেন ফেডারেশন কাউন্সেলর ইভান নিকোলাই ও রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ভাইস চেয়ারম্যান এসভেটলনা ঝুরোভা।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ও দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমোডর হাসান উজ জামানসহ অন্যরা।

শনিবার (১৬ মে) রাশিয়ায় মুসলিম-অধ্যুষিত রাজ্য তাতারস্তানের উপ-প্রধানমন্ত্রী ওলেগ করোবচেঙ্কের সঙ্গে বৈঠক করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

বৈঠকে তাতারস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর ব্যাপক আগ্রহ দেখান।

আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তাতারস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান আলতাফ হোসেন চৌধুরী।

এর আগে রাশিয়া পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মস্কোর বিএনপি নেতারা। বিএনপির প্রভাবশালী এ নেতার রাশিয়া থেকে তুরস্কে সফরে যাওয়ার কথা রয়েছে।