সমাজকর্মীদের আরও মানবিক ও দায়িত্বশীল হতে হবে: মহাপরিচালক

আইনের সংঘাতে আসা প্রতিটি শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সমাজকর্মীদের আরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। তিনি বলেন, এসব শিশুকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে তাদের প্রতি মমতা, সহমর্মিতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে কাজ করতে হবে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) সভাকক্ষে অনুষ্ঠিত কর্মচারীদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘বিদ্যমান শিশু উন্নয়ন কেন্দ্র (০৩)-এর সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মোহাম্মদ মাহবুব বলেন, সমাজকর্মের মূল লক্ষ্যই হলো শিশুর সুরক্ষা নিশ্চিত করা। আইনের সংঘাতে জড়িত শিশুদের পুনর্বাসন, সংশোধন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হওয়ায় কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
প্রশিক্ষণে আইন, মৌলিক শিশু সুরক্ষা, কাউন্সেলিং এবং অফিস ব্যবস্থাপনা বিষয়ে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেশন পরিচালিত হয়। আজ সকালে প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল আহসান এবং সমাজসেবা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখার পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম।
‘বিদ্যমান শিশু উন্নয়ন কেন্দ্র (০৩)-এর সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা ইউনিটের অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. মোশাররফ হোসেন।
