সংবাদমাধ্যম ছাড়া গণতন্ত্র অচল: শামসুজ্জামান দুদু

সংবাদমাধ্যম ছাড়া গণতন্ত্র অচল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (১১ মে) সকালে এশিয়া পোস্টের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, এশিয়া পোস্টকে ধন্যবাদ জানাই। সম্পাদক, প্রকাশক এবং এর সঙ্গে যারা নানা পর্যায়ে যুক্ত আছেন তারা একটি ভালো কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পত্রিকা করা বেশ ঝুঁকিপূর্ণ। সেটা সরকারের সমর্থন বা বিরোধিতা যেভাবেই করুক। কারণ এখানে মার্কেট খুব বড় না। আমি নিজেও একসময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। এই পেশায় মনের একটা আনন্দ থাকে, খোরাক থাকে, উৎসাহ-উদ্দীপনা থাকে। সাংবাদিকতায় এ কারণে মানুষ নিজেকে সম্পৃক্ত করে। আর সংবাদমাধ্যম ছাড়া গণতন্ত্র অচল। সংবাদমাধ্যমই পারে গণতন্ত্রের সাফল্যকে তুলে ধরতে, ত্রুটিগুলোকে চিহ্নিত করতে।
শামসুজ্জামান দুদু বলেন, সরকার যদি বন্ধুসুলভ দৃষ্টিতে সংবাদমাধ্যমের সঙ্গে থাকে, তাহলে সেই সরকার বলা যায় সফল হবেই। সংবাদমাধ্যমকে যদি বন্ধু না ভেবে শত্রু ভাবে তাহলে দূরত্ব বাড়তে থাকবে। এটা দেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য ভালো কিছু বয়ে আনবে না।
উদ্বোধন উপলক্ষে সোমবার রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে এশিয়া পোস্টের অফিসের কার্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই গণমাধ্যমকর্মী, শিল্পী, রাজনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত এশিয়া পোস্ট পরিবার। ঢাকার বাইরেও জেলায় জেলায় উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে।