বন্যায় এ পর্যন্ত মারা গেছেন ৫৪ জন: ত্রাণমন্ত্রী

দেশের সাত জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। এ অবস্থায় এখন পর্যন্ত মোট ৫৪ জন বন্যায় মারা গেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে সবসময় খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। এর মধ্যেই তার ত্রাণ ভান্ডার থেকে প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন।
এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। তবে সরকারি জায়গায় দ্রুত পরিসরে বীজতলা তৈরি করে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হবে।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।




