Advertisement

তিন মাসে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার, উদ্ধার ৯১ লাখ পিস ইয়াবা

এশিয়া পোস্ট প্রতিবেদক
তিন মাসে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার, উদ্ধার ৯১ লাখ পিস ইয়াবা
ছবি : এশিয়া পোস্ট

রাজধানীসহ সারাদেশে দেশে চলমান বিশেষ অভিযানে গত তিন মাসে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৭২২ জন। সব মিলিয়ে ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০ চকলেট বাজি।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ১০১টি পিস্তল। এছাড়া ৯২টি বন্দুক, ৩৮টি এলজি, ৩৫টি শুটারগান, ১৯টি রিভলবার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি ও একটি পেনগান উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের পরিসংখ্যানও উল্লেখযোগ্য। পুলিশ জানিয়েছে, এ সময়ে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ ও ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্যও জব্দ করা হয়েছে।

এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে গ্রেপ্তার করা হয়েছে ২৪ হাজার ৮২১ জনকে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন ইউনিট ও জেলার পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। চলমান অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।