চূড়ান্ত হয়নি সাত ইসলামি দলের ঐক্য, লিয়াজোঁ কমিটি গঠন

কওমি ধারার সাত ইসলামি দলের ঐক্য এখনও চূড়ান্ত রূপ পায়নি। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। লিয়াজোঁ কমিটি আগামী ২২ অক্টোবর বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাতটি দলের পক্ষ থেকে পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
এদিন সকাল ১১টায় ঐক্যের খসড়া চূড়ান্ত করতে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের সঙ্গে সাত ইসলামি দলের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
হেফাজতে ইসলাম সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত চলা বৈঠকে সাত দলের প্রস্তাবনাগুলোর খসড়া নিয়ে পর্যালোচনা করা হয়। প্রস্তাবনায় পরস্পরবিরোধী নানা মত ছিল। ঐক্যের বিষয়ে দলগুলো ইতিবাচক হলেও দীর্ঘ আলোচনা করেও আজ ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
পরবর্তীতে ঐক্য চূড়ান্ত করতে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। এতে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতাসহ প্রতিটি দল থেকে তিনজনকে সদস্য রাখা হয়েছে। লিয়াজোঁ কমিটি আগামী ২২ অক্টোবর ঢাকায় মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরবর্তীতে হেফাজত আমির সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করবেন।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সাত দলই ঐক্যের বিষয়ে ইতিবাচক। তবে আজকের বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক এবং প্রতিটি দলের তিনজনকে সদস্য করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। সেখানে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতা থাকবেন।’
তিনি আরও বলেন, ‘কমিটির সদস্যরা ঢাকায় ২২ অক্টোবর বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরে হেফাজত আমির সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করবেন।’
