logo

ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এই প্রস্তাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন।

হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সুযোগ পেলেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এ ঘটনার তদন্তে প্রস্তাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, এই মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

এর আগে, জাতিসংঘের তত্ত্বাবধানে শহিদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুলিশের বাধা ঠেলে যমুনার প্রবেশমুখে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন সংগঠনটির সদস্যরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন। মধ্যরাতেও তাদের যমুনার সামনে অবস্থান করতে দেখা গেছে।