তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশকে বাঁচানোর একটি প্রকল্প: চিফ হুইপ

এশিয়া পোস্ট প্রতিবেদক
তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশকে বাঁচানোর একটি প্রকল্প: চিফ হুইপ
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যাতে কৃষিকাজে প্রয়োজনীয় পানি পান, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এটি বাংলাদেশকে বাঁচানোর একটি প্রকল্প।

বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ব্যাপক যাচাই-বাছাই করেই প্রণয়ন করা হয়েছে। ৬৩টি পণ্যের শুল্ক কমানো হয়েছে। এই বাজেট জনবান্ধব এবং জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

চিফ হুইপ বলেন, বাজেটের ওপর আলোচনার জন্য বিরোধী দলকে ৩১ শতাংশ সময় দেওয়া হয়েছে। সরকারের দেওয়া বাজেটকে গ্রহণ করেছে বিরোধীদলও। তাই এ বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাজেটের ওপর কণ্ঠভোট গ্রহণ করে তা পাস করেন। যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।