মে থেকে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিচ্ছে সরকার

দেশের পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বড় আকারের বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিচ্ছে বাংলাদেশ সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী মে মাস থেকে সারা দেশে একযোগে প্রায় ২৫ কোটি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু করা হবে।
বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। রাজধানীতে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী জানান, নতুন এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হবে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সম্ভাবনার দিক বিবেচনায় তৈরি পোশাক খাতের পর এখন কার্বন ট্রেডিং বা কার্বন বাণিজ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক কার্বন বাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি করাও এই উদ্যোগের একটি লক্ষ্য।
বৈঠকে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতার কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে যে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হতে পারে, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে।