চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে ৬ দিনে প্রাণহানি ৪৩

এশিয়া পোস্ট নিউজ
চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে ৬ দিনে প্রাণহানি ৪৩
রেকর্ড বৃষ্টিতে ডুবে যাওয়া চট্টগ্রাম নগরীর সড়ক ও পুলিশ লাইন্স এলাকা। ছবি: এশিয়া পোস্ট

মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ও পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক।

শনিবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতের মধ্যে চট্টগ্রামে ১১ জন, কক্সবাজারে ২৩ জন (এর মধ্যে ১৩ জন রোহিঙ্গা), রাঙামাটিতে তিনজন এবং বান্দরবানে ছয়জন রয়েছেন। এ ছাড়া পাঁচজন রোহিঙ্গাসহ ৩৯ জন আহত হয়েছেন।

বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে মোট ৮ লাখ ৬২ হাজার ৬১৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গতদের জন্য ১ হাজার ৭২৭টি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৩৭ হাজার ৫৫ জন আশ্রয় নিয়েছেন।

দুর্গতদের সহায়তায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে চাল, নগদ অর্থ, শুকনো ও রান্না করা খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি বান্দরবানে বিভিন্ন এনজিওর (ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, গ্রাউস, সোনে) সহায়তায় অতিরিক্ত ত্রাণ বিতরণের পাশাপাশি আরও ৬৮ টন ‍চাল ও ১০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।