ঘরে বসেই মিলবে পুলিশের সেবা, অনলাইন জিডি করবেন যেভাবে

হারানো সনদ, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের জন্য জিডি করতে এখন আর সব সময় থানায় ছুটতে হবে না। ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে সাধারণ ডায়েরি বা জিডি করা যায়। আবেদনের পর সেটির অগ্রগতিও অনলাইনে দেখা যায়। এমনকি প্রক্রিয়া শেষ হলে জিডির ডিজিটাল কপিও সংগ্রহ করা যায়।
অনলাইন জিডি ব্যবস্থার ফলে থানায় গিয়ে অপেক্ষা করার পাশাপাশি যাতায়াতের সময় ও খরচও কমেছে। বিশেষ করে কর্মব্যস্ত মানুষ কিংবা দূরে অবস্থান করা নাগরিকদের জন্য এ সেবা বেশ সুবিধাজনক বলে জানিয়েছে বাসস।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে অনলাইন জিডি সেবা চালুর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের ২৪টি থানায়ও এ সুবিধা সম্প্রসারণ করা হয়। এর মধ্য দিয়ে দেশের সব থানায় অনলাইন জিডি সেবার আওতা তৈরি হয়েছে।
অনলাইন জিডিতে মিলছে কী সুবিধা
অনলাইন জিডির মাধ্যমে যেকোনো সময় পুলিশের কাছে অভিযোগ পাঠানো যায়। আবেদনের পর সেটির সর্বশেষ অবস্থা অনলাইনে দেখা যায়। পাশাপাশি তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল মাধ্যমে যোগাযোগের সুযোগ রয়েছে।
জিডির প্রক্রিয়া শেষ হলে এর সার্টিফায়েড ডিজিটাল কপিও সংগ্রহ করা যায়। ফলে জিডির কাগজপত্র সংগ্রহের জন্য আবার থানায় যাওয়ার প্রয়োজন হয় না।
রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা মাহিরা নূর অনলাইন জিডির মাধ্যমে সেবা নেওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন। তার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ হারিয়ে যাওয়ার পর তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জিডি করেন। এতে তাকে থানায় যেতে হয়নি এবং বাড়তি যাতায়াত খরচও হয়নি।
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হারুন অর রশিদও অনলাইন জিডির সুবিধা পেয়েছেন। তার মানিব্যাগ হারিয়ে যাওয়ার পর ক্রেডিট কার্ড ও জাতীয় পরিচয়পত্র পুনরুদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে জিডির প্রয়োজন হয়। তিনি অফিসে বসেই কয়েক মিনিটের মধ্যে অনলাইন জিডি সম্পন্ন করেন। পরে অনলাইনেই আবেদনের অগ্রগতি দেখার পাশাপাশি জিডির কপি সংগ্রহ করেছেন।
২৪ ঘণ্টাই করা যায় আবেদন
অনলাইন জিডি নিয়ে এডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সায়েদুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, অনলাইন জিডি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকেরা দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশের কাছে সরাসরি অভিযোগ পাঠাতে পারেন।
হারানো বা পাওয়া সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ধরনের অভিযোগ অনলাইনে দাখিল করা যায়। এর ফলে সময় ও যাতায়াতের খরচ কমানোর পাশাপাশি মানুষের কাছে পুলিশি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন বাসসকে বলেন, ডিএমপির ৫০টি থানায় সরাসরি জিডি নেওয়ার পাশাপাশি অনলাইনেও জিডি গ্রহণ করা হচ্ছে।
মানুষের কর্মব্যস্ততা ও যাতায়াতের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাসা, অফিস কিংবা সুবিধাজনক জায়গা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে এই সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
অনলাইনে জিডি করতে যা লাগবে
অনলাইনে জিডি করতে কয়েকটি তথ্য ও উপকরণ প্রয়োজন হবে। এর মধ্যে রয়েছে-
- জাতীয় পরিচয়পত্র নম্বর
- সচল মোবাইল নম্বর
- লাইভ ছবি
- ঘটনার বিস্তারিত তথ্য
- প্রয়োজন হলে ছবি বা সংশ্লিষ্ট নথির স্ক্যান কপি
যেভাবে অনলাইনে জিডি করবেন
প্রথমে গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের সময় মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হবে। পরিচয় নিশ্চিত করার জন্য মোবাইল ফোনে পাঠানো ওটিপি ব্যবহার করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে পরবর্তী সময়ে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপে প্রবেশ করা যাবে।
অ্যাপে প্রবেশ করার পর অভিযোগের ধরন নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট জেলা ও থানা নির্বাচন করে ঘটনার স্থান, সময় এবং বিস্তারিত বিবরণ দিতে হবে।
অভিযোগের সঙ্গে প্রয়োজনীয় কোনো ছবি বা নথি থাকলে সেটির স্ক্যান কপিও যুক্ত করা যাবে। সব তথ্য যাচাই করে আবেদন জমা দিতে হবে।
আবেদনের অগ্রগতি দেখবেন যেভাবে
জিডির আবেদন জমা দেওয়ার পর নিজের অ্যাকাউন্টে ঢুকেই সেটির সর্বশেষ অবস্থা দেখা যাবে। প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে অনলাইনে যোগাযোগও করা যাবে।
জিডির প্রক্রিয়া শেষ হলে এর ডিজিটাল কপি ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে এই কপি ব্যবহার করা যাবে।
তবে অনলাইনে জিডি করা গেলেও সব ধরনের ঘটনা জিডির আওতায় পড়ে না। কোনো ঘটনা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়লে পুলিশ প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে পারে। তাই অভিযোগের ধরন অনুযায়ী সঠিক তথ্য দিয়ে আবেদন করা গুরুত্বপূর্ণ।