দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের

ভিসা এজেন্ট ও দালালের মাধ্যমে প্রতারণার শিকার না হতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
সম্প্রতি এক সতর্কবার্তায় হাইকমিশন জানিয়েছে, আবেদনকারীদের কাছ থেকে দালাল টাকা নিয়ে তাদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প এবং অন্যান্য দেশের ভুয়া ভিসা স্ট্যাম্প লাগিয়ে দেওয়ার মতো প্রতারণা করছে।
হাইকমিশন বলেছে, যারা নিশ্চিত ভিসা বা সহজে ভিসা অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদের বিশ্বাস করা উচিত নয়। ভিসা প্রক্রিয়ায় কোনো শর্টকাট নেই।
আবেদনকারীদের মিথ্যা, মনগড়া বা পরিবর্তিত স্ট্যাম্প ও তথ্যযুক্ত পাসপোর্ট বা নথিপত্র জমা না দেওয়ারও পরামর্শ দিয়েছে হাইকমিশন। ভিসা যাচাইয়ের সময় এ ধরনের জালিয়াতি শনাক্ত করা হয় বলে সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, জাল বা বিকৃত নথিপত্রসহ আবেদন বাতিল করা হবে এবং এর নেতিবাচক প্রভাব ভবিষ্যতের ভিসা আবেদনের ওপরও পড়তে পারে।
একই সঙ্গে ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করার দাবি করা কোনো এজেন্ট বা দালালকে টাকা না দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশন আবেদনকারীদের নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ এবং প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র জমা দেওয়ার পরামর্শ দিয়েছে।
কেউ এ ধরনের সেবা দেওয়ার প্রস্তাব দিলে কিংবা কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে জানতে পারলে visahelp.dhaka@mea.gov.in ঠিকানায় বিষয়টি জানানোর আহ্বান জানিয়েছে হাইকমিশন।
সতর্কবার্তায় বলা হয়েছে, দালালের কারণে যেন আবেদনকারীদের অর্থ, পাসপোর্ট কিংবা ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা ঝুঁকিতে না পড়ে।



