logo

চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি

চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

দৈনিক জনকণ্ঠের ৩০ বছরের পুরনো সাংবাদকর্মীদের মবকারী আখ্যা দিয়ে গণহারে অবৈধভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

রোববার (২৪ মে) জনকণ্ঠ ভবনের সামনে প্রতিষ্ঠানের কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

জানা গেছে, শনিবার হঠাৎ করেই প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগ থেকে সংশ্লিষ্টদের ঠিকানা ও ইমেইলে চাকরি অবসান সংক্রান্ত চিঠি (টার্মিনেশন লেটার) পাঠানো হয়। চিঠিতে সংযুক্ত পত্র গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক ও কর্মচারীরা বলেন, ৩০ বছর যাবত কাজ করছেন এমন বহু সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। অন্তত ৭০ জনকে চাকরিচ্যুত করার নোটিশ দেওয়া হয়েছে। তাদের দাবি, সার্ভিস বেনিফিট না দিয়ে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

এ সময় তারা বলেন, পূর্ব ঘোষণা বা কোনো ধরনের আলোচনা ছাড়াই এভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত অন্যায় ও অমানবিক।

এর আগে, পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর থেকেই অফিস খোলা নিয়ে টালবাহানা শুরু হয় বলেও অভিযোগ করেন তারা।

চাকরি পুনর্বহাল ও অবৈধ চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।