হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাদের সেবা দিতে না পারলে কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত বলে মনে করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজক্যাম্প পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এ সময় ক্যাম্পে আসা হজযাত্রীদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী। তাদের যাত্রা-সংক্রান্ত প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনে গিয়ে মন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গেও মতবিনিময় করেন।
তাদের উদ্দেশে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে।
ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের পবিত্র সফরে যেতে পারেন; এ বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।
চলতি বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।