চিকিৎসকদের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে: শফিকুর রহমান

নিরাপদ ও প্রশান্তির পরিবেশ গড়ে তুলতে চিকিৎসকদের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘চিকিৎসকরা শুধু পেশাজীবী নন, তারা মানুষের বিপদ-আপদ, অসুস্থতা ও সংকটময় মুহূর্তের আশ্রয়স্থল। তাদের কাছে আরোগ্যের পাশাপাশি মানসিক শান্তির খোঁজে রোগীরা আসেন। আর সেই আন্তরিক সেবার মধ্যেই নিহিত থাকে দুনিয়া ও আখেরাতের সম্মান।'
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনডিএফের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভাজন নয়, বরং পারস্পরিক সহনশীলতা ও সংলাপের মাধ্যমেই দেশের স্থিতিশীলতা ও অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। চিকিৎসক সমাজকে মানবতার সেবায় আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।’
সততা, বিবেকবোধ, দায়বদ্ধতা ও আল্লাহভীতির সঙ্গে চিকিৎসাসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘এখানে যারা আছি, তারা সবাই সৌভাগ্যবান যে মানুষ যখন বিপদে পড়ে, অসুস্থ হয়, আহত হয়, তখনই আমাদের কাছে আসেন। আসার পর যে মানুষটা আমাদের কাছে শান্তি পাবে, আরাম পাবে, আন্তরিক চিকিৎসাসেবা পাবে, ... তিনি মুখ দিয়ে বলুক বা না বলুক, সে মানুষের দোয়া আপনি (চিকিৎসক) পাবেন। আমরা সেই মানবিক জায়গাটা তৈরি করতে পারি কিনা? আল্লাহ আমাদের যে বিবেক দিয়েছেন, সে বিবেক অনুযায়ী, আমরা দুনিয়ার সামনে একটি আদর্শ মডেল উপস্থাপন করতে পারি কিনা?’
জামায়াত আমির বলেন, ‘স্বচ্ছতা, বিবেকবোধ, দায়বোধ ও দরদ নিয়ে যদি আমরা মানুষের প্রতি চিকিৎসার হাত বাড়িয়ে দিই, আল্লাহ তায়ালা দুনিয়ায়ও আমাদের সম্মানিত করবেন, আখেরাতেও সম্মানিত করবেন। আর যে মানুষগুলো আমাদের কাছে আসবে, তারা মনে একটি প্রশান্তি নিয়ে তৃপ্তি নিয়ে আমাদের কাছ থেকে যাবে।
এ ছাড়াও অন্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসা খাতে নানা চ্যালেঞ্জ বিদ্যমান। এসব মোকাবিলায় প্রয়োজন ঐক্যবদ্ধ উদ্যোগ, দক্ষ নেতৃত্ব এবং নীতিনিষ্ঠ অবস্থান। এনডিএফ সবসময় চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘রমজানের শিক্ষা আমাদের পেশাগত দায়িত্ব পালনে আরও সততা, সহমর্মিতা ও নৈতিকতা চর্চায় অনুপ্রাণিত করে। এনডিএফ সবসময় চিকিৎসকদের অধিকার রক্ষা এবং জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যাতেও এই ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিশিষ্ট চিকিৎসক, এনডিএফের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।