আইনমন্ত্রীকে স্পিকার/তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রতি শ্রদ্ধা রেখে আইনমন্ত্রী আসাদুজ্জামানকে বক্তব্য দিতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে আইনমন্ত্রীকে উদ্দেশ করে স্পিকার বলেন, ‘তিনি একজন শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীদের বেতন-ভাতার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ফাউন্ডেশনের কর্মীরা তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এজন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান তিনি। বক্তব্যে রোকেয়া বেগম আরও বলেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও তাদের রাজনৈতিক সুরক্ষা দেওয়া হচ্ছে না।
রোকেয়া বেগমের বক্তব্যের পর আইনমন্ত্রী যখন বক্তব্য রাখতে ওঠেন, তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে উদ্দেশ করে বলেন, ‘তিনি একজন শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন।’
গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারায় শিশু জাবির ইব্রাহিম। পরে তাকে শহীদ ঘোষণা করা হয়। তার মা রোকেয়া বেগম সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর সমর্থনে এমপি নির্বাচিত হন।






