সরকার ডিজিটাল-ফার্স্ট ব্যবস্থা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
সরকার ডিজিটাল-ফার্স্ট ব্যবস্থা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
বৃহস্পতিবার জর্জিয়ার তিবিলিসিতে ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬’-এর উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে কথা বলেন ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি ডিজিটাল-ফার্স্ট সরকার ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) জর্জিয়ার তিবিলিসিতে ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬’-এর উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

বৈঠকে তিনি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) এবং সরকারি সেবায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের কাছে ডিপিআই শুধু প্রযুক্তির বিষয় নয়, বরং এটি সুশাসনের অন্যতম মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক যেন রাজধানীর বাসিন্দাদের মতোই সহজে সরকারি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বর্তমানে দেশের নাগরিকেরা সরকারি পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’ (EkPay), ‘মাইগভ’ (myGov) অ্যাপ, জাতীয় তথ্য বাতায়ন অথবা সরাসরি ‘৩৩৩’ হেল্পলাইনের মাধ্যমে একই সরকারি সেবা গ্রহণ করতে পারছেন বলে জানান তিনি।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, আগামী তিন বছরে সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত ইন্টারনেট এবং স্মার্ট ডিভাইস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

জনগণের ফিডব্যাক নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, ক্যাবিনেট ডিভিশনের ‘গ্রিভেন্স রিড্রেস সিস্টেম’ (GRS) এবং ‘ই-পার্টিসিপেশন’ (e-Participation) সিস্টেমের মাধ্যমে নাগরিকেরা সরাসরি মতামত ও অভিযোগ জানাতে পারছেন।

সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরও জোরদার করতে আগামীতে একটি ‘ই-পার্টিসিপেশন র‍্যাংকিং’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান ফকির মাহবুব আনাম।