দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ এক বাংলাদেশির মৃত্যু

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে এ ঘটনায় বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।
মারা যাওয়া বাংলাদেশির নাম মো. নুরুল আমিন (৪৪)। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজতর করতে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। আগুনে বিশেষভাবে বাংলাদেশি দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা ওই পরিবার দুটি কাছের একটি হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে গিয়েছিল।
মালভিয়া নগরের একটি ভবনে এ আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন।
বুধবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, আগুনে আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সর্ভিস কর্মকর্তারা। দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
এনডিটিভি জানিয়েছে, হাউজ রানির সরু গলিতে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ রয়েছে। সেখানে চিকিৎসার জন্য দেশে আসা বিদেশি নাগরিকসহ প্রায় ৪০ জন অতিথি ছিলেন। আগুন লাগার সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
