বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এশিয়া পোস্ট প্রতিবেদক
বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী জুবাইদা রহমানও তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

Advertisement

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) দুপুর ২টার দিকে তারা রওনা দেন।

এর আগে, একই দিনে সকাল ১০টায় ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজন ছিল ১৭তম এ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস (এএমএনসি)।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।

৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা প্রায় ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি-রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এতে নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন দেশের সফল নীতি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।