logo

ধাপে ধাপে নিম্ন আয়ের সবাই ফ্যামিলি কার্ড পাবে: অর্থমন্ত্রী

ধাপে ধাপে নিম্ন আয়ের সবাই ফ্যামিলি কার্ড পাবে: অর্থমন্ত্রী

ধাপে ধাপে নিম্ন আয়ের সবাই ফ্যামিলি কার্ড পাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই কার্ডের জন্য কাউকে আবেদন করতে হয়নি। সরকারি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে প্রকৃত হতদরিদ্রদের নির্বাচন করেছেন। কোনো রাজনৈতিক কর্মীকে এর সঙ্গে জড়িত করা হয়নি। ধাপে ধাপে নিম্ন আয়ের সব মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া নারীদের প্রকৃত ক্ষমতায়ন হবে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, এই কর্মসূচিতে পরিবারের নারী প্রধানদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নারীর সক্ষমতা, আত্মবিশ্বাস ও সামাজিক সম্মান বৃদ্ধি না হলে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও দিকনির্দেশনায় সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করেছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে কত অল্প সময়ে বড় প্রকল্প বাস্তবায়ন করা যায়, এটি তার প্রমাণ। দীর্ঘদিনের দাবি ছিল অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রতিটি ঘরে পৌঁছানো, যা এই কার্ডের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সীমিত সক্ষমতা সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা আপস করিনি। পাশাপাশি স্বাস্থ্যসেবায় বিনা মূল্যে চিকিৎসা এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। ইতোমধ্যে দরিদ্র কৃষকদের প্রায় ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু এবং নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রতীকী হিসেবে পাঁচ নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রীর নির্বাচনি এলাকা চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। শুরুতে ওই ওয়ার্ডের ৫ হাজার ৫৭৫টি পরিবার এই সুবিধা পাবে এবং প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।