logo

জামায়াতকে ডেপুটি স্পিকার পদে নাম ঠিক করতে বলেছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতকে ডেপুটি স্পিকার পদে নাম ঠিক করতে বলেছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নাম ঠিক করতে বলা হয়েছে। তারা রাজি হলে প্রথম অধিবেশনে শপথ হবে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে।’

সংস্কার পরিষদ নিয়ে তিনি বলেন, সংসদে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তারাই সংসদ সদস্য হিসেবে যোগদান করবেন। সংবিধানে সংস্কার পরিষদ নামে কিছু নেই। সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ নিয়েছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতেই পারে।

সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে। তার আগে সংবিধানে নাই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব না।