logo

ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, সংসদের ভেতরের ও বাইরের সব গণতান্ত্রিক দলকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।

অধিবেশনের শেষ শপথ ও প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব; বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। পতিত ফ্যাসিস্ট দলকে আর কখনোই মাথা তুলে দাঁড়াতে দিবে না জনগণ।

এর আগে জাতীয় সংসদে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায় বিনামূল্যে প্রায় ১০ হাজার মানুষকে আমরা মালয়েশিয়া পাঠাতে সক্ষম হব ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী উনি জানিয়েছেন, মালয়েশিয়াতে আমরা আলোচনার মাধ্যমে সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যাটির সমাধান করতে সক্ষম হয়েছি।

তারেক রহমান বলেন, শুধু তাই নয় আমরা সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ যাওয়ার যেই খরচটি লাগে সামান্য কিছু বিষয় আছে এখানে, শ্রমিকদের সেটা দেয়ার মাধ্যমে ১০ হাজার মানুষকে আমরা ইনশাআল্লাহ পাঠাতে সক্ষম হব।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে। আশা করছি আগামী ২ মাসের মধ্যে এই এগুলো কাজ করা শুরু করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা শহরে যখন চলাচল করেন তখন যদি আপনারা একটু খেয়াল করেন, তখন দেখবেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো হয়েছে। সিগন্যাল ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো শুরু করেনি কাজ করা। আমরা আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে।

তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, এগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যেই যানজট আছে, ট্রাফিক জ্যাম আছে সেটি আরও বেটার হবে।

বক্তব্যের শেষে সংসদের সব কার্যক্রমে অংশ নিয়ে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখার জন্য তিনি স্বতন্ত্র সদস্য, বিরোধীদলীয় নেতা ও সদস্য এবং নিজ দলের সংসদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।